তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা বন্ধের জন্য চাপ প্রয়োগ করার ঘটনা সরকার সমর্থন করে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব জাহাঙ্গীর আলম অপূর্ব উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় বলেন, "প্রথম আলোকে ঘিরে কিছু উত্তেজনা লক্ষ্য করছি। গতকাল তাদের অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়েছিল। আজ রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, যদি কারও কোনো অভিযোগ বা ক্ষোভ থাকে, তা অবশ্যই শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে হবে।"

তিনি আরও বলেন, "গণমাধ্যমের বিরুদ্ধে কোনো ধরনের ভাঙচুর বা চাপ প্রয়োগের ঘটনা আমরা বরদাশত করব না। ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তথ্য উপদেষ্টা সবাইকে আহ্বান জানিয়ে বলেন, "যদি কোনো ক্ষোভ বা অভিযোগ থাকে, তা আইনগত উপায়ে সমাধানের চেষ্টা করা উচিত। কোনো অরাজকতা বা নৈরাজ্য যেন কেউ তৈরি না করে। দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।"

নাহিদ ইসলাম এদিনের ঘটনাবহুল পরিস্থিতি নিয়ে বলেন, "আজ ভোর থেকে ঢাকায় কিছু সাধারণ মানুষকে ঋণ দেওয়ার নাম করে আনা হয়েছে। অহিংস গণ-অভ্যুত্থান নামে একটি প্ল্যাটফর্ম ভুল তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছে।"

তিনি জানান, ওই প্ল্যাটফর্মের আহ্বায়ককে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।