আগামী নির্বাচনের তারিখ সম্পর্কে ঘোষণা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই আসবে, অন্যদের মন্তব্য তাঁদের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হলেও এখনো নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি। এর মধ্যে একজন উপদেষ্টা বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে। এ নিয়ে প্রশ্নের জবাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, “এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তাঁর দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তারিখ তিনি নিজেই ঘোষণা দেবেন।”

আরেক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “সরকার সম্পূর্ণ আইন মেনেই নির্বাচন কমিশন গঠন করেছে। প্রত্যেকে তাঁদের মতামত দিতে পারেন, তবে সরকার আইনের মধ্যেই রয়েছে।”

গুম কমিশন নিয়ে প্রশ্নে তিনি জানান, ডিসেম্বরের মাঝামাঝিতে গুম কমিশন একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেবে। এর ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ব্যাটারিচালিত রিকশা নিয়ে তিনি বলেন, “এ বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকার আপিল করবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান খোঁজা হচ্ছে।”

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের হয়রানির বিষয়ে তিনি জানান, “ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি নজরে এলে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তালিকা সংশোধন ও নীতিমালা তৈরির কাজ চলছে।”

প্রেস সচিব শফিকুল আলম জানান, “একটি স্বচ্ছ নীতিমালা তৈরির কাজ চলছে, যেখানে কোনো ভিন্নমতাবলম্বী বা সাংবাদিকের নাম থাকার আশঙ্কা থাকবে না। এর উদ্দেশ্য হলো সবার জন্য স্বচ্ছতা নিশ্চিত করা।”